চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ইয়ুথ থ্রি–আর সোসাইটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সোমবার কলা ও মানববিদ্যা অনুষদের ইনোভেশন হাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ–চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান।
প্রধান অতিথি বলেন, বর্তমানে পরিবেশ রক্ষায় ‘থ্রি আর’ এর সাথে নতুন যুক্ত হয়েছে চতুর্থ আর্ত’রিপেয়ার’। আমাদের বিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি একটি চমৎকার বাস্তুসংস্থান এবং গবেষণার বড় ক্ষেত্র। থ্রি–আর সোসাইটির কার্যক্রমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশাপাশি শব্দ ও পানি দূষণ রোধের বিষয়গুলো যুক্ত করা প্রয়োজন। তিনি বলেন, আমাদের বড় শক্তি হলো নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ। শত প্রতিকূলতা ও দূষণের মাঝেও আমরা যে এখনো সুখী জাতি হিসেবে টিকে আছি, তার মূল কারণ আমাদের গভীর নৈতিক শেকড়। গেস্ট অব অনারের বক্তব্যে প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, থ্রি আর সোসাইটির মতো সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশগত সচেতনতা বৃদ্ধি আমাদের সমাজ ও সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। উন্নত বিশ্বের মতো আমাদেরও ‘কনজুমার বিহেভিয়ার’ বা ব্যবহারের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি, যাতে আমরা জলাবদ্ধতা ও রোগমুক্ত এক পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারি। বক্তব্য রাখেন ইপসার মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার সেতার রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. সাজারাতুল ইসলাম। সংগঠনের ক্যাম্পেইন ডিরেক্টর ফাতেমা তুজ জোহরা বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং সঞ্চালনা করেন তাইফুল ইসলাম মাহিন ও মো. রাকিব হোসেন। শেষে অতিথিরা পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












