তৃতীয় দিনের শেষ বেলায় অজি মিডল অর্ডার ব্যাটাররা দারুণভাবে প্রতিরোধ গড়েছে। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। আজ চতুর্থ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাট করতে নামছে স্বাগতিক দল। তারা পিছিয়ে আছে ৬৭ রানে। চলমান টেস্ট বাঁচাতে আজ সারাদিন ব্যাট করার পরিকল্পনা তাদের। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা নিয়ে জশ হ্যাজেলউড বলেন, ‘সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনও অনেক খেলা বাকি। কাল যদি সারা দিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’ ডারউইনের উইকেট এখনো ব্যাটিং উপযোগী। একইসঙ্গে টাইগার বোলারদের করলেন প্রশংসা, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনও ব্যাট করার জন্য ভালো। বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’ নিজের ফাইফার নিয়ে অজি এই পেসার বলেন, ‘৫ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেক দিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেওয়ার সুযোগ ছিল। আজ সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’












