ডারউইন টেস্টে বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। তার মতে, ‘এ মুহূর্তে বাংলাদেশ চালকের আসনে রয়েছে।’ বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করতে গিয়ে গিলেস্পি বিশেষভাবে তুলে ধরেছেন হাসান মাহমুদের পারফরম্যান্স। তিনি বলেন, ‘হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে।’ হাসানের পাশাপাশি বাংলাদেশের অন্য পেসারদের নিয়েও প্রশংসা করেছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ‘হাসান অবশ্যই, যে বোলিং ফিগার তার। ইবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।’ বাংলাদেশের বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সেই অস্ট্রেলিয়াকে দুইশর নিচে আটকে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন গিলেস্পি। তার ভাষায়, ‘এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংস অসাধারণ ছিল।’ এদিকে চোটের কারণে এই টেস্টে নেই বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার অভাবও অনুভব করছেন গেলেস্পি। নাহিদকে নিয়ে তিনি বলেন, ‘নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোট। কামনা করি সে দ্রুত সেরে উঠুক।’











