চট্টগ্রামে সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার অবসান হোক

জাহিদ তানছির | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ শহর হওয়া সত্ত্বেও চট্টগ্রামে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা আজও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি। চট্টগ্রাম শহর ও আশেপাশের জেলাগুলো থেকে আসা বিশাল জনগোষ্ঠীর সরকারি স্বাস্থ্যসেবার প্রধান ভরসা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। কিন্তু এগুলোতে শয্যা সংকট ও প্রয়োজনীয় সুযোগ–সুবিধার অপ্রতুলতায় সেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে, বিশাল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খান চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চট্টগ্রামে সরকারিভাবে জটিল ও বিশেষায়িত চিকিৎসার অভাব।

ক্যানসার, হৃদরোগ, কিডনি বা নিউরোসার্জারির মতো জটিল রোগের ক্ষেত্রে চট্টগ্রামে কোনো পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত সরকারি হাসপাতাল নেই। এমনকি গুরুতর অগ্নিদগ্ধ রোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ বার্ন ইউনিট না থাকা অত্যন্ত দুঃখজনক। ফলে মুমূর্ষু রোগীদের শেষ ভরসা হিসেবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা পাঠাতে হয়। এতে অনেক সময় পথেই রোগীর মৃত্যু ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়। অনেকেই আবার নিরুপায় হয়ে বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার নিঃস্ব হয়ে পড়ে। কাজেই, চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারিভাবে পৃথক ও পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং প্রতিটি সরকারি হাসপাতালে আইসিইউ ও সিসিইউ শয্যা বৃদ্ধি করে প্রয়োজনীয় অভিজ্ঞ জনবল নিয়োগ দিয়ে, চিকিৎসা সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং ডায়াগনস্টিক ব্যবস্থার আধুনিকায়ন ও সার্বক্ষণিক সচল রেখে সর্বসাধারণের সেবা প্রাপ্তির সুযোগ তৈরী হোক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কটি ৪ লেনে উন্নীত করা হোক
পরবর্তী নিবন্ধন্যায়বিচার মানে কাউকে দায়ী করা নয়; সত্য উদঘাটন করা