চট্টগ্রামে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে ‘জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার : নারী ও শিশুর নিরাপত্তায় আমাদের করণীয়’ শীর্ষক এ নাগরিক গোলটেবিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। মূল প্রবন্ধে তিনি জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের ওপর সৃষ্ট বহুমাত্রিক ঝুঁকি তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে মানবাধিকার সংকট হিসেবে বিবেচনা করে এর মোকাবিলায় কার্যকর, বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ নগরীতে জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশের ভারসাম্যহীনতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। বিশেষ করে নারী ও শিশুরা দুর্যোগের সময় নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ও স্যানিটেশনসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে নারী ও শিশুর নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সিডিএ চেয়ারম্যান বলেন, উন্নয়ন যেন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং মানুষের জীবনমান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।

নারী ও শিশুবান্ধব এবং জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হাসিনা যাকারিয়া বেলা। এছাড়া আলোচনায় অংশ নেন আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক উর্মি সরকার, সারোয়ার আমিন বাবু, এস এম আজিজ, মো. নুরুল কবির, আর এস এম নিজাম উদ্দিন, উৎপল কুমার দাস, মো. মাইন উদ্দিন, জিনাত আরা, অধ্যক্ষ এম এন হুছাইন, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) শুভাগমনে কৃতজ্ঞতা প্রকাশ করাই হচ্ছে জশনে জুলুস
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি বরদাশত করা হবে না