চট্টগ্রামসহ দেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে দেয়া হবে না

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ঘোষণা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, যদি শিবিরকে একবার গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি একবার হামলা করেন, তাহলে আগামীতে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন, হাজার হাজার বার, প্রতিটি দেয়ালে প্রতিটি লেখনিতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে ডাকব। তিনি গতকাল বুধবার বিকেলে নগরের নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবির হামলা করেছে দাবি করে এর প্রতিবাদে এ সমাবেশ করা হয়। এর আগে নগরের পুরোনো রেলস্টেশন মাঠ থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাছির উদ্দীন নাছির বলেন, গ্রাফিতি লেখা নিয়ে শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে। সে বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা যে লেখনী লিখেছি সেই লেখনী যদি আপনাদের মতের ভিন্নতা থেকে থাকে, আপনাদের যদি অপছন্দ হয়, তাহলে আপনারা একটি পাল্টা গ্রাফিতি, ফটোগ্রাফ সিটি কলেজে অংকন করতে পারতেন। কিন্তু সেটি না করে শুধুমাত্র একটি লেখার কারণে সন্ত্রাসবাদকে উসকে দিয়েছেন, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে আপনারা হামলা করেছেন। এখান থেকে থেকে বুঝা যায়, আপনারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যত্রম করতে দিতে প্রস্তুত নন। তিনি বলেন, ছাত্রদল ৫ আগস্টের পরে যে সহনশীল, একটি ইতিবাচক রাজনীতি কায়েম করেছে সেটিকে আপনারা কোনভাবে দুর্বল ভাববেন না। এই চট্টগ্রাম শহীদ ওয়াসিম ওয়াসিম আকরাম, শহীদ নুরুল আলমের রক্তের উপরে দাঁড়িয়ে যে আন্দোলন সংগ্রাম, চট্টগ্রামের বিভিন্ন স্তরের ছাত্রদলের নেতৃবৃন্দরা যে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে তারই ধারাবাহিকতায় আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে প্রকাশ্যে রাজনীতি করতে চাই। ছাত্রদল চট্টগ্রাম এবং চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা প্রকাশ্যে সে ধারাবাহিক রাজনীতি অংশ হিসাবে চট্টগ্রামসহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি থাকবে না বলে আমরা ঘোষণা দিচ্ছি।

নাছির উদ্দিন নাছির বলেন, চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি অংকনের প্রতিবাদে তারা প্রথমে ছাত্রদলের উপর হামলা করেছে। কিন্তু তারা হামলা করে তারা একটি দ্বৈতনীতি সেখানে অবলম্বন করেছেন। চট্টগ্রাম কমার্স কলেজেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর হামলা করে অভিযোগটি ছাত্রদলের উপর ছাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। তারা নিজেরা হামলা করে ছাত্রদলের উপর সে হামলার অভিযোগ চাপিয়ে দিতে চায়। এটিকে সহজভাবে সাধারণ মানুষ বলে আাক্রমণকারী হয়েও তারা ভিকটিম কার্ড খেলতে চায়। এটি শিবিরের একটি চরিত্র। বর্তমানে এটি একটি দুশ্চরিত্রে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ভবিষ্যতে কোনো গুপ্ত রাজনীতি থাকতে পারবে না। রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে প্রকাশ্যে দলীয় রাজনীতি করতে হবে। প্রতিটি ক্যাম্পাসে আমরা অতীতে জুলুমের শিকার হয়েছি। সে জন্য আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী নই। কিন্তু কোনোভাবে ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর যদি চট্টগ্রাম সিটি কলেজের মতো হামলা হয়, তাহলে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদল চুপচাপ বসে থাকবে না ।

তিনি বলেন, শিবির এতটাই দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে যে শহীদ ওয়াসিমের সহযোদ্ধা ছাত্রদল নেতা সাইয়েদ হোসাইন কে বানিয়ে দিয়েছে শিবির নেতা। এটা তাদের দেউলিয়াত্বের উৎকৃষ্ট উদাহরণ। ফ্যাসিবাদী সময়ে ছাত্রদলের উপর যত হামলা নির্যাতন সংগঠিত হয়েছে তার পেছনে শিবিরের ভূমিকা অবশ্যই ছিলো। এরা ছিলো মূলত ছাত্রলীগের হেল্পিং হ্যান্ড। গুপ্ত যে সংগঠনে যাবে সে সংগঠন ধ্বংস হয়ে যাবে। অতিথি ছাত্রলীগের মধ্যে গুপ্ত শিবিরের প্রবেশের কারণে তারা ধ্বংস হয়েছে। তিনি বলেন, সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থী প্রসঙ্গে বলেন মনিরা শারমিন, মাহমুদা মিতু গুপ্ত শিবির। তারা এনসিপির কেউ না। তারা গত দুই বছর ধরে সারা বাংলাদেশে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়িয়ে ছাত্র সমাজকে বিভ্রান্ত ও অস্থিতিশীল করার চেষ্টায় ছিলেন। তাদের থেকে এনসিপিকে সর্তক থাকার অনুরোধ জানান।

মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।

পূর্ববর্তী নিবন্ধছাত্রশিবিরকে ‘গুপ্ত’ ট্যাগ দেয়া ছাত্রদলের দেউলিয়াত্বের প্রকাশ : সাদিক কায়েম
পরবর্তী নিবন্ধপাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে : সংসদে প্রধানমন্ত্রী