চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মোট ১৯৮ জন জন্মগত হৃদরোগ, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সমাজসেবা মন্ত্রণালয় বরাদ্দকৃত এই অর্থ চার পর্বে রোগীদের বিতরণ করা হয়। গত ২৫ এপ্রিল সংগঠনের কার্যালয়ে ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্যায়ে অনুদানের চেক বিতরণ করে। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে গত ১৭ মে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য (পদাধিকারবলে) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও তৃতীয় পর্যায়ে গত ২৩ জুন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম সংগঠনের কার্যালয়ে আবেদকারীদের মধ্যে চেক হস্তান্তর করেন। সর্বশেষ গত ২৭ জুন চতুর্থ পর্যায়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ আবেদনকারীদের অনুদানের চেক বিতরণের মাধ্যমে এই কার্যক্রম সমাপ্ত করেন। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে অনুরূপ চিকিৎসা সহায়তা কার্যক্রম পরবর্তীতেও চলমান থাকবে বলে আশা করা যাচ্ছে।










