শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট দীর্ঘদিন ধরে তাসাওউফ, নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন, মানবতা, সামাজিক সমপ্রীতি, ন্যায়বিচার এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় তরুণ গবেষক, শিক্ষার্থী ও নবীন শিক্ষাবিদদের মধ্যে সুফি গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চমানের গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে ট্রাস্ট এস জেড এইচ এম টি বেস্ট সূফি রিচার্সার শীর্ষক গবেষণাধর্মী প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় নির্বাচিত গবেষণা প্রস্তাবনাসমূহ মূল্যায়নের পর মনোনীত ১১জন গবেষককে সম্মাননা ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন, এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। ‘সুফি গবেষণা ও মাইজভাণ্ডারী দর্শন’ বিষয়ে আলোচনা করেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্।
প্রধান অতিথি চবি উপাচার্য বলেন, এস জেড এইচ এম ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের সাথে যুক্ত হয়ে ট্রাস্ট গবেষণাকর্মেও সম্পৃক্ত থাকতে পারে।
সম্মাননা ও গবেষণা অনুদান প্রাপ্ত ১১জন গবেষক হলেন– যৌথভাবে চবি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ড. মেহরান নাজাফি হাজিভার ও ড. মো. নুর–ই আলম, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, যুক্তরাষ্ট্রের শিকাগোর নর্থ ওয়েসটার্ন ইউনিভার্সিটির রিজওয়ানুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের প্রভাষক মো. জাহেদুল ইসলাম, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. জোনায়েত সাজ্জাদ, চবি ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সুমাইয়া ইসরাত রাফি, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মোজাম্মেল হোসেন, চবি সংগীত বিভাগের প্রেমা চৌধুরী, বরিশাল ফজলুল হক কলেজের মো. গোলাম রাব্বী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সজীবুল হাসান চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের মো. সিফাতুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।











