নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্নিং বডির ষষ্ঠ সভা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও ফাউন্ডেশনের প্রকল্পসমূহের জন্য আগামী অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন দেওয়া হয়।
এতে খসড়া বাজেট পেশ করেন ফাউন্ডেশনের ট্রেজারার লায়ন আলহাজ এস জোহা চৌধুরী। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ফাউন্ডেশনের প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসাসেবা প্রদান, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের কার্যক্রম এবং সামপ্রতিক সময়ে কাজের অগ্রগতি তুলে ধরেন ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত।
সভায় হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের ওপর সৃষ্ট অতিরিক্ত চাপ মোকাবিলায় প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি সংগ্রহের লক্ষ্যে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নিকট একটি প্রকল্প প্রস্তাব প্রেরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে হাসপাতালের সেবার পরিধি ও ধারণক্ষমতা সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন ভবন নির্মাণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠানোর বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য–উপাত্ত ও ব্যয় প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রকল্প প্রস্তাবসমূহ দ্রুত প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু, সদ্য নির্বাচিত জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, সদ্য নির্বাচিত দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ, ফাউন্ডেশনের ম্যানেজমেন্ট কমিটির এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজুসহ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, ডেপুটি ডিরেক্টর ডা. শাবানা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনসাফি হান্নাসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












