চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ প্রতিযোগিতার উদ্বোধন

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

কালজয়ী বাংলা আধুনিক গান, লোকসংগীত, আঞ্চলিক গান নানান ধারার সুরে মুখর হয়ে ওঠে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট। আগামীর প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীদের পরিবেশনায় বসেছিল সুরের এক অনন্য আসর। সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজিত ‘ভয়েস হান্ট সিজন৩’ প্রতিযোগিতার উদ্বোধনী পর্ব। গতকাল রোববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। বিচারবাছাই শেষে প্রথম রাউন্ড অতিক্রম করে ৪২ জন প্রতিযোগী ইয়েস কার্ড অর্জন করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হন। অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে ইয়েস কার্ড তুলে দেন উজ্জ্বল চক্রবর্তী। ‘ভয়েস হান্ট সিজন৩’এর আহ্বায়ক এস এম শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংকলন বড়ুয়া এবং রুবেল বড়ুয়া। বক্তব্য রাখেন বিচারক লিটন মিত্র, সংস্থার সভাপতি হিল্লোল রায়, লায়ন প্রবীর দত্ত, অসীম চন্দ বাপ্পি, ঝুলন দত্ত। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী জগলুল পাশা, লিটন মিত্র, মনোজ কুমার সরকার, মো. সাখাওয়াত, নিখিলেশ বড়ুয়া, ইন্তেখাব আলম মান্না, রাজীব নন্দী, অনুজিত বড়ুয়া লিমন এবং মোহাম্মদ শাহনেওয়াজ। এ বিষয়ে আহ্বায়ক এস এম শাজাহান, সদস্য সচিব রুবেল বড়ুয়া, সভাপতি হিল্লোল রায় এবং সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া বলেন, নতুন নতুন প্রতিভা অন্বেষণ করে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মাধ্যমে দক্ষ শিল্পীতে পরিণত করাই আমাদের লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে অভিনেতা অপূর্বর একক সংগীত সন্ধ্যা
পরবর্তী নিবন্ধবার্লিনে প্রাইড উৎসবে ভিড়ের ওপর চলন্ত গাড়ি, নিহত ১