কাপ্তাই উপজেলায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সাঁতার ইভেন্টে সেরা কৃতিত্ব অর্জন করেছে কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রেমা বিশ্বাস। সাঁতার প্রতিযোগিতায় প্রেমা বিশ্বাস কাপ্তাই উপজেলায় ১ম স্থান অর্জন করে। পরবর্তীতে রাঙ্গামাটি জেলা পর্যায়ে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েও সে জেলার ১০ উপজেলার মধ্যে ১ম স্থান অর্জন করে। সাঁতার প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলা ও রাঙ্গামাটি জেলা পর্যায়ে অনন্য কৃতিত্ব অর্জন করায় প্রেমা বিশ্বাসকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লাভলী বড়ুয়া বক্তব্য রাখেন। সাঁতার প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে বিশেষ অবদান রাখায় প্রেমা বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাহাড়িকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।











