গলায় আঘাতের চিহ্ন, কিশোরীর দাফনে স্থানীয়দের বাধা

পরিবার বলছে স্ট্রোকে মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসদর এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম সাদিয়া ইসলাম মায়া (১৫)। গতকাল রোববার সকালে পৌরসভাস্থ দক্ষিণ মহাদেবপুর ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের প্রকৃত বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং আবুল হাসেমের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জনায়, গতকাল সকাল ১০টার সময় মায়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পরিবারের সদস্যরা তাকে দাফন করতে গেলে, স্থানীয়রা দাফনে বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারের দাবিমায়া স্ট্রোক করে মারা গেছে। তবে তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মায়ার মাবাবা বলছে তাদের মেয়ে স্ট্রোক করে মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারপর পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে নৌকাডুবি, ছেলেকে বাঁচিয়ে বাবা নিখোঁজ
পরবর্তী নিবন্ধমডেল রিধিকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে