বাঁশখালীর গন্ডামারায় পুকুরে ডুবে মুহাম্মদ মায়াজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মায়াজ ওই এলাকার মাওলানা আব্দুল মান্নানের ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা। স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা নুরুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই বছরের শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











