গঙ্গার পানি না এলে বাংলাদেশে ভারতীয় পণ্য চলবে না : নাসীরুদ্দীন পাটোয়ারী

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:০১ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে পথসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ বাংলাদেশে চলবে না। সংলাপের কোনো চাবিকাঠি থাকলে তা হবে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে। আমরা শহীদ ওসমান হাদির রক্তের কসম খেয়ে বলছি, ১ হাজার ৪০০ জুলাই শহীদের রক্তের কসম খেয়ে বলছি, চট্টগ্রামের আকাশ-বাতাস ও জনপদকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশে যত দিন জীবিত থাকব, শহীদ ওসমান হাদির বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের সংলাপের মুলা ঝুলাবেন না, আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা এই চট্টগ্রামে দাঁড়িয়ে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিচ্ছি। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনাকে বিদায় করার পর শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরেকটি ডাক দিয়েছিলেন। তাঁর সেই আহ্বানের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বলতে চাই, যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না।’

সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করব, একদিকে ভারতের বিরোধিতা করবেন, অন্যদিকে গার্মেন্টস খাতকে ভারতের হাতে তুলে দেবেন, শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছিল, তাদের ভারত থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না, এমনটা হতে পারে না। আমরা এ ধরনের কুসুম কুসুম পররাষ্ট্রনীতি বাংলাদেশে দেখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি ঐক্যবদ্ধ হতে চান, তাহলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, বলতে হবে, বাবা ভুল করেছি, মাফ করে দাও। আমরা গণরায় বাস্তবায়ন করব।’

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি যে ডায়াসের সামনে দাঁড়িয়ে ঐক্যের ঘোষণা দেন, সেই ডায়াসের পাশে দাঁড়িয়ে ফজলুর রহমান জুলাই যোদ্ধাদের নিয়ে তীব্রভাবে অপমান করেন, বিরোধিতা করেন ও নিন্দা জানান। সেই ফজলুর রহমান আপনার দলেরই সংসদ সদস্য। তিনি পুলিশ হত্যা নিয়ে গুজব ছড়ান, আর আপনি জাতীয় ঐক্যের ডাক দেন। আপনি নিজের দলের লোকদের ঠিক করেন, শৃঙ্খলিত করেন, নতুবা জাতীয় ঐক্য হবে না।’

সমাবেশ থেকে এনসিপির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট মার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, হাঙর ও শাপলাপাতা মাছ উদ্ধার
পরবর্তী নিবন্ধভুয়া জব সাইট দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে চীনা গোয়েন্দারা