খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে এবার নতুন কিছু

জায়ান্ট সুইং, জিপ লাইন ও কিডস জোন চালু

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

পর্যটকদের আকর্ষণ বাড়াতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কে চালু হয়েছে নতুন তিনটি বিনোদন সুবিধা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জায়ান্ট সুইং, জিপ লাইন ও শিশুদের জন্য কিডস জোন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। তিনি বলেন, খাগড়াছড়িতে এ ধরনের নতুন বিনোদন সুবিধা যুক্ত হলে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতেও এসব উদ্যোগ ভূমিকা রাখবে।

জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা ও কর্মচারীরা।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, পর্যটকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেওয়া এবং শিশুদের বিনোদনের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই নতুন এসব সুবিধা চালু করা হয়েছে। জায়ান্ট সুইং ও জিপ লাইনের মাধ্যমে দর্শনার্থীরা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন। আর কিডস জোনে শিশুদের জন্য থাকবে আলাদা বিনোদনের ব্যবস্থা।

পূর্ববর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের