খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের টিনশেড ভবনের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন শিক্ষাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেলে বিদ্যালয়ের টিনশেড ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত বিস্তারের কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১১টি কক্ষ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মারুফ, খাগড়াছড়ি সদর সেনা জোনের পেট্রোল টিম। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।












