তোমাকে ছুঁয়ে দেখা হলো না
বলে দিগন্তের ওই নীল আকাশ
কল্পনায় বহুবার ছুঁয়েছি
বারে বারে সমুদ্রের নোনা জলের
বিশাল ঢেউ ছুঁয়ে তোমাকেই
যেন না পাওয়ার মাঝে পেয়েছি
এ কেমন ছোঁয়া কেমন পাওয়া
জানতে চেয়ো না তুমি
সবুজ পাহাড়ের এক মুঠো ঘাস
স্পর্শ করে যেন তোমাকেই ছুঁয়েছি
একগুচ্ছ রজনীগন্ধা ছুঁয়েছি
বারে বারে, যদি একটি বার
ছোঁয়া যেত তোমাকে তবে
আমিও আমার ভালোবাসার
গভীরতা হয়তোবা
তোমায় বুঝাতে পারতাম
একটিবার আমাকে
যদি ছুঁয়ে দেখতে তবে তোমার
নিষ্ঠুরতা ভেসে যেত
বন্যার স্রোতের ধারায়
গোলাপের একটি পাপড়ি ছুঁয়ে
যেন তোমাকে ছুঁয়েছি
গোলাপের কাটায় রক্তাক্ত
হাতের আঙ্গুল যেন
ক্ষতবিক্ষত হৃদয়
তবুও ছুঁতে চাই তোমাকে
শুধু একটিবার
সেই আনন্দেই কেটে যাবে
জীবনের বাকিটা সময়
তোমাকে একবার ছুঁয়ে দেখলেই
আমার কবিতারা এবং আমি
হয়ে যাবো প্রেমিক–প্রেমিকা।








