কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল (পুলইশার ঘোনা) এলাকায় নয়ন সাধু নামে এক মন্দির সেবায়েতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনদিন নিখোঁজ থাকার পর গতকাল বুধবার সকালে স্থানীয়রা পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে তার ঝুলন্ত ও অর্ধপোড়া মরদেহ উদ্ধার করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয় সূত্র জানান, গত ১৯ এপ্রিল রাতে নয়ন সাধুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে স্থানীয়রা জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার গলায় থাকা রুদ্রাক্ষের মালা দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
এ ব্যাপারে কঙবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দীন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।













