চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মো. মাহাবুর রহমানকে (২০) বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র্যাব–৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার র্যাব–৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মাহাবুর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেয় র্যাবের একটি দল। তাদের কাছে তথ্য ছিল, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ড ইয়াবার একটি চালান বহন করছেন। বিকেল ৪টা ২ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে ‘জ’ বগি থেকে নামার সময় স্টুয়ার্ড মো. মাহাবুর রহমান র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি কাঁধের ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












