মেয়েদের এশিয়া কাপের ফাইনাল শেষ হওয়ার ৫০ মিনিটের বেশি সময় পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সঞ্চালনা করলেন ফারভিজ মাহারুফ। ম্যাচ অফিসিয়ালদের হাতে স্মারক তুলে দেওয়া হলো। এরপর একে একে পদক নিলেন রানার্স আপ শ্রীলঙ্কা দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু প্রতিক্রিয়া জানালেন। তার হাতে রানার্স আপ ট্রফি তুলে দিলেন এসিসি সভাপতি মহসিন নাকভি। এরপরই মাহারুফ বললেন, ‘এখানেই শেষ হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত বছরের ছেলেদের এশিয়া কাপ ফাইনালের পরের দৃশ্যগুলোরই পুনঃমঞ্চায়ন হলো এবার মেয়েদের এশিয়া কাপে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিল না ভারতীয় দল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পরে বলা হলো, দুই দেশের সামরিক উত্তেজনা যখন চলমান, তখন ক্রিকেটীয় সম্পর্কও উষ্ণ হতে পারে না। উল্লেখ্য যে, এসিসি চেয়ারম্যান নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। উইমেন’স এশিয়া কাপের ফাইনালে রোববার শ্রীলঙ্কাকে ৭২ রানে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় ভারত।











