উত্তর কোরিয়ার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের তোড়ে ভেসে যাওয়ার পর নিজের দল নিয়ে অকপট হলেন পিটার জেমস বাটলার। বললেন, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের গতির সাথে তাল মিলিয়ে খেলতে অভ্যস্ত নয় মারিয়া–কোহাতিরা। হারের দায় নিজের কাঁধে নিয়ে বাটলার বলেন, ‘উত্তর কোরিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও গোছানো একটি দল; বিশেষ করে তারা এমন গতিতে খেলে যার সাথে আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। সত্যি বলতে, ওই দলের মানের বিপক্ষে খেলার মতো যথেষ্ট দক্ষতা বা সক্ষমতা এই পর্যায়ে আমাদের এখনো নেই। তারা অসাধারণ খেলেছে; তাদের খেলা দেখাটা ছিল উপভোগ্য। কোচ হিসেবে আমি দলকে যেভাবে খেলাতে চেয়েছিলাম, আজ আমরা তার ঠিক উল্টোটা করেছি, যেটা আমাকে হতাশ করেছে। দুর্ভাগ্যবশত আমরা বড় ব্যবধানে হেরেছি এবং এই হার আমাদের প্রাপ্য ছিল। তবে মাঠের ভেতরের পারফরম্যান্সের দায়ভার আমি পুরোপুরি নিচ্ছি; মাঠের বাইরেরগুলো নয়। সভাপতি সবসময়ই পাশে দাঁড়িয়েছেন। কিন্তু অন্যরা তা করেননি; যেমন–মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা বা কনফারেন্স কল করা; এভাবে তো আর একটা দল গড়ে তোলা যায় না।’












