ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান রাউজানস্থ কাগতিয়া মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাদরাসার মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি মাদরাসা পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। মাদরাসার সুবিশাল লাইব্রেরি চমৎকার। এখানে রয়েছে ইসলামের মূল সোর্সের বই, যা আরবিতে প্রণিত হয়েছে। ইসলামি শিক্ষার পাশাপাশি বিজ্ঞানমুখী শিক্ষায় মনোনিবেশ করতে হবে। এই মাদরাসা তাকওয়া নির্ভর অনন্য প্রতিষ্ঠান। কাগতিয়া মাদরাসার মহানগর ক্যাম্পাস পরিদর্শনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপাচার্য বলেন, এই প্রতিষ্ঠানের চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস পাহাড়ে ঘেরা একটি নৈসর্গিক পরিবেশ হৃদয়ে অন্যরকম অনুভূতি জাগিয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হযরত গাউছুল আজম (রা.) যিনি সারাজীবন মাদরাসার খেদমতের জন্যে নিবেদিত ছিলেন। প্রধান অতিথি মাদরাসার প্রাঙ্গণে একটি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, দ্বীনি শিক্ষার সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসা। নিভৃত পল্লিতে নাগরিক সব সুযোগ–সুবিধা দিয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে অবিস্মরণীয় ভূমিকা পালন করছে এ মাদরাসা। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এ মাদরাসার প্রাণপুরুষের ভূমিকা পালন করেছেন।
গতকাল মঙ্গলবার কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার মূল ক্যাম্পাস অডিটোরিয়ামে মাদরাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্যেও একান্ত সচিব সহকারী অধ্যাপক আশফাক আখতার ও মাদরাসার শিক্ষক মণ্ডলী। মিলাদ–কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি–সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












