ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার, কিন্তু এক ট্রিলিয়ন ডলারের মানে কী?

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

সে বহু আগের ঘটনা। শহুরে জীবনবিচ্ছিন্ন কোনো গ্রাম থেকে এক বৃদ্ধ এসেছেন রাজধানী শহরে। এসে সুউচ্চ ভবন দেখে তিনি আপন মনেই বলছেন, এই বিল্ডিং বানাতে নিশ্চয়ই ১০ কুড়ি টাকা লেগেছে! বৃদ্ধ গুনতেই জানেন ১০ কুড়ি পর্যন্ত। ফলে এর বাইরে কল্পনা করাও তার জন্য কঠিন। ঠিক একই পরিস্থিতি হবে সাধারণ কেউ যদি এক ট্রিলিয়ন ডলার মানে কত, সেটি হিসাব করতে যান। আর এ পরিস্থিতি থেকে উদ্ধারে এগিয়ে এসেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ওয়্যার্ড। বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ার পর এক বিশ্লেষণে ট্রিলিয়ন ডলার আসলে কত বড় অঙ্ক, তা নানা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এ প্রকাশনা। প্রতিবেদনের শুরুতেই বলা আছে, এক ব্যক্তির হাতে এমন বিপুল সম্পদ এবং তার সঙ্গে জড়িত ক্ষমতার পরিমাণ কল্পনা করাও অনেকের জন্য কঠিন। কারণ, এক ট্রিলিয়ন ডলার এক বিলিয়নের হাজার গুণ, আর বিশ্বের অধিকাংশ মানুষের জন্য এই পরিমাণ সম্পদ প্রায় অকল্পনীয়। খবর বিডিনিউজের।

সবচেয়ে পরিচিত তুলনাগুলোর একটি হলো সময়। যদি কেউ এক মিলিয়ন সেকেন্ড গুনতে শুরু করেন, তাহলে শেষ করতে সময় লাগবে প্রায় সাড়ে ১১ দিন। এক বিলিয়ন সেকেন্ড গুনতে লাগবে প্রায় ৩১ বছর ৮ মাস ১২ দিন। কিন্তু এক ট্রিলিয়ন সেকেন্ড গুনতে সময় লাগবে প্রায় ৩১ হাজার ৭০০ বছর। অর্থাৎ আজ সেই গণনা শেষ করতে চাইলে সেটা শুরু করতে হতো প্রস্তর যুগে, যখন নিয়ান্ডারথালরা পৃথিবী থেকে ক্রমশ বিলুপ্ত হচ্ছিল।

দূরত্বের দিক থেকেও অঙ্কটি বিশাল। ধরা যাক, প্রতি মিটার হাঁটার জন্য কেউ ১ কোটি ডলার করে পাচ্ছেন। সে ক্ষেত্রে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে মিউজিয়াম অফ মডার্ন আর্ট পর্যন্ত (ঢাকায় মোটামুটিভাবে বলা চলে মাণিক মিয়া অ্যাভিনিউয়ের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত) হেঁটেই এক বিলিয়ন ডলার আয় করা সম্ভব। কিন্তু এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হলে হাঁটতে হবে প্রায় এক হাজার কিলোমিটার, যা টানা ২৩টি ম্যারাথনের সমান।

ওজনের হিসাবেও ব্যবধান চোখে পড়ার মতো। একটি মার্কিন এক ডলারের নোটের ওজন প্রায় এক গ্রাম। সে হিসাবে ১০ লাখ এক ডলারের নোটের ওজন হবে প্রায় এক মেট্রিক টন, যা একটি ছোট গাড়ির সমান। অন্যদিকে এক ট্রিলিয়ন এক ডলারের নোটের ওজন হবে বিশ্বের সবচেয়ে বড় ৫ হাজার নীল তিমির সম্মিলিত ওজনের সমান।

প্রতিবেদনটি আরও বলছে, যদি এক ট্রিলিয়ন পেনি মুদ্রা স্তূপ করা হয়, তাহলে সেই স্তূপ চাঁদে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে, তাও দুইবার।

পূর্ববর্তী নিবন্ধদেশব্যাপী ‘গো ফর গোল্ড’ রাইডিং ক্যাম্প শুরু করল উত্তরা মোটর্স
পরবর্তী নিবন্ধআশা পূরণ করতে পারেনি ব্রাজিল