ইউনূসকে নিয়ে বিবৃতি প্রত্যাহারে ওবামাদের চার আইনজীবীর চিঠি

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করতে বিবৃতিচিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ১৮৩ জন। নোবেলবিজয়ী এবং রাজনৈতিক নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এ চিঠি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

বারাক ওবামা, বান কি মুন ও হিলারি ক্লিনটনসহ নয়জনকে ইমেইলযোগে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ও মোহাম্মদ ইমরুল কায়েস খান। এ চিঠির অনুলিপি জাতিসংঘের মহাসচিব ও ড. মুহাম্মদ ইউনূসকেও পাঠানো হয়েছে। খবর বাংলানিউজের।

পরে মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চিঠিতে বারাক ওবামা, হিলারি ক্লিন্টনসহ নোবেলজয়ীদের ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ বলে জানানো হয়েছে। একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থী এবং আদালত অবমাননার সামিল। চলমান মামলায় ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি প্রদান অন্য বিচার প্রার্থীর জন্য বৈষম্যমূলক হয়রানির।

এ আইনজীবী আরও জানান, তাদের মতো বিজ্ঞজনদের কাছ থেকে একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান মামলা স্থগিতের জন্য এ ধরনের একপাক্ষিক অপ্রত্যাশিত বিবৃতি অনাকাঙ্ক্ষিত এবং সারা বিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। যা কোনভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইন সংগত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এ বিবৃতিটি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে। এসব কারণে তাদের পাঠানো বিবৃতিটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান বিচারিক কার্যক্রম নিয়ে এ ধরনের বিবৃতি প্রদান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদারুল উলুম মাদরাসার তালিম অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবান্দরবানে ১৫০ পরিবার পেল নগদ অর্থ ও জরুরি উপকরণ