বান্দরবানে ১৫০ পরিবার পেল নগদ অর্থ ও জরুরি উপকরণ

| শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে নগদ অর্থ ও জরুরি উপকরণ প্রদান করছে কারিতাস বাংলাদেশ। গতকাল বেলা ১১টায় বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এতে বান্দরবান জেলার সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও উপকরণ সহায়তা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা। বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অংচহ্লা মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অরুন রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ কাজী রায়হান কাজেমী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলার সেক্রেটারি অমল কান্তি দাশ, হিউম্যানিট্যারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমং সিং প্রমুখ। কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস্‌ ও জার্সি সরকার এবং সিআরএসের আর্থিক সহায়তায় বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলায় মোট ৩,৭৫০ পরিবারকে সহায়তা প্রদান করার প্রকল্প গ্রহণ করেছে কারিতাস বাংলাদেশ। বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে বান্দরবানে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও রাঙামাটিতে আশিকা।

গতকাল ১৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও পানীয়, পোশাক, আশ্রয়ের উপকরণ, জ্বালানি, রান্নার পাত্র, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণের জন্য পরিবারভিত্তিক ৫,৫০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি উপকরণ ওয়াশ কিটস্‌ প্যাকেজ হিসেবে ১টি ঢাকনাসহ প্লাস্টিক বালতি, ২টি জরিক্যান, ৪টি গোসলের সাবান, ৪টি কাপড় ধোয়ার সাবান, ৪টি পুনঃব্যবহারযোগ্য সুতির কাপড় (স্যানিট্যারি ন্যাপকিন), ১টি প্লাস্টিক মগ, ১২ প্যাকেট ওরস্যালাইন, ২ বোতল খাবার পানি এবং ১টি করে মাঝারি আকৃতির নেইল কাটার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনূসকে নিয়ে বিবৃতি প্রত্যাহারে ওবামাদের চার আইনজীবীর চিঠি
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত স্বপ্ন দেখছে আমেরিকা তাদের ক্ষমতায় বসাবে