আলভীদের বিরুদ্ধে ১৭ মের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

ইকরার আত্মহত্যা

| বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির নামে আত্মহত্যায় প্ররোচণার মামলায় ১৭ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার প্রতিবেদনের দিন ধার্য ছিল গতকাল বুধবার। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আজিম আহমেদ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন প্রতিবেদন জমার এদিন ঠিক করে দেন। মামলার আরেক আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজরে।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসে বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল
পরবর্তী নিবন্ধনববর্ষে হাসান জাহাঙ্গীরের নতুন গান ‘বৈশাখে’