দীর্ঘদিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ১৭৭ জন কর্মচারীর চাকরি স্থায়ী করা হয়েছে। ব্যাংকের কর্মচারী কল্যাণ ইউনিয়নের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মচারীদের দীর্ঘদিনের কর্মসংস্থানের অনিশ্চয়তার অবসান হয়েছে। স্থায়ীকৃতদের মধ্যে অনেকেই ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত রয়েছেন।
গত ১ সেপ্টেম্বর চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্ত কার্যকর হয়। চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. মাজেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আমাদের সহকর্মীদের চাকরি স্থায়ী হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে এবং কর্মজীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের এ ইতিবাচক ও মানবিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।
এ সিদ্ধান্তের জন্য আমরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ১৭৭ জন অস্থায়ী সহকর্মীর চাকরি স্থায়ীকরণ তাদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন। এ সিদ্ধান্ত কর্মীদের মধ্যে নতুন আস্থা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রেস বিজ্ঞপ্তি।












