সাউদার্ন মেডিকেল কলেজে কর্মশালা

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

চিকিৎসকদের ব্যবহারিক ও সার্জিক্যাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বেসিক সার্জিক্যাল স্কিলস ওয়ার্কশপ’। সার্জারিসংক্রান্ত মৌলিক জ্ঞান ও হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী চিকিৎসকদের দক্ষতা আরও উন্নত করাই ছিল এ কর্মশালার মূল উদ্দেশ্য। গতকাল মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. যাবেদ আব্দুল করিম। বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মোতাহ্‌হার হোসেন, অধ্যাপক ডা. নন্দন কুমার মজুমদার, ডা. কারিনা রহমান, ডা. নাজমুন নাহার, ডা. নাহিদ প্রমুখ। কর্মশালায় সার্জিক্যাল পদ্ধতির মৌলিক বিষয়, রোগীর নিরাপত্তা, অপারেশন থিয়েটারের প্রস্তুতি, জীবাণুমুক্তকরণ ও সংক্রমণ নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের স্যুচার ও নটিংসহ প্রাথমিক সার্জিক্যাল কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মৌলিক সার্জিক্যাল দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা আরও সমৃদ্ধ হবে। আয়োজকরা জানান, চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং রোগীকেন্দ্রিক নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেখল মাদ্রাসার মুহতামিম উসমান ফয়েজীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৭৭ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী