চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আনোয়ারা – কর্ণফুলী হচ্ছে সমুদ্র ঊপকূল। এ এলাকায় সবসময় প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় উপকূলের বাসিন্দারা ক্ষয়ক্ষতির শিকার হয়।
উপকূলীয় এ দুটি এলাকায় বর্ষাকালে সব সময় পানি উঠে, জলাবদ্ধতার সৃষ্টি হয়, নিচু এলাকা প্লাবিত হয়। সামপ্রতিক সময়ে বেড়িবাঁধ নির্মাণের কাজে অনিয়ম হচ্ছে স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগে আমি সরেজমিনে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করি এবং কিছু কিছু অভিযোগের সত্যতা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও প্রদান করি। গতকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বক্তব্য প্রদান করেন।
তিনি আরো বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে উপকূলের বহু মানুষ প্রাণ হারান। বেগম খালেদা জিয়া সেসময় আনোয়ারায় গিয়ে উপকূলীয় এলাকা স্বচক্ষে পরিদর্শন করেন এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণের করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আনোয়ারা উপকূলের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয় এবং বর্তমান সময়েও কয়েকশ কোটি টাকার বেড়িবাঁধের কাজ চলমান রয়েছে। বক্তব্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে আনোয়ারায় চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।












