আনোয়ারায় প্রকল্প উদ্বোধনকালে সরওয়ার জামাল এমপি

খাল খনন প্রকল্পে জনসম্পৃক্ততা বাড়াতে হবে

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১১ মে, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। দেশের কৃষি অর্থনীতির উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা, জলাবদ্ধতা নিরসন, মৎস্য খাতের উন্নয়নসহ সাধারণ মানুষের জীবন জীবিকা উপার্জনে খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হয়। তারই ধারাবাহিকতায় শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানও গ্রামভিত্তিক উন্নয়ন কাজ শুরু করেছেন। যার মধ্যে অন্যতম হল ‘খাল খনন প্রকল্প’। এই খাল খননের মাধ্যমে একদিকে যেমন কৃষি খাতের উন্নয়ন সাধন হবে অপরদিকে গ্রামের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং এ প্রকল্পে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। গতকাল রবিবার আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইজিপিপি কর্মসূচির আওতায় আনোয়ারা উপজেলার চাতরী কান্দুরীয়া খাল পুনঃখনন কাজ ও সাঙ্গু নদীর সংযোগ খাল আহমদিয়া খাল, তজমুল আলী ও প্রতাব বাবুর বাড়ি সংলগ্ন খাল পুনঃখনন কাজ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি। এ সময় অন্যান্যদের মধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, খাল খননের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উপকার এবং মৎস্যের উন্নতি হয়। এই খনন প্রকল্পে ৪৭৬ জন শ্রমিকের কাজ করার সুযোগ রয়েছে। আমরা কাজের শতভাগ স্বচ্ছতা ও সফলতা নিশ্চিত করতে চাই।

এর আগে গতকাল দুপুরে সরওয়ার জামাল নিজাম এমপি পরৈকোড়া ইউনিয়নে চলমান খাল খনন কার্যক্রম প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি ও তুরস্কের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইওআই স্বাক্ষর
পরবর্তী নিবন্ধহাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়ন করতে হবে