কাগজের গন্ধে একধরনের অদ্ভুত মায়া থাকে। যারা শৈশব বা কৈশোরে প্রথমবার খবরের কাগজের পাতায় নিজের নামটি ছাপা অক্ষরে দেখেছেন, তারা জানেন এই অনুভূতির কোনো বিকল্প হয় না। আজ হঠাৎ পুরনো একগুচ্ছ পেপার কাটিং ঘেঁটে দেখতে দেখতে স্মৃতিরা কেমন যেন এক লাফে বহু বছর পেছনে ফিরে গেল। আমার লেখালেখির যে দুনিয়ায় আজ আমি হেঁটে চলেছি, যে ভাষায় নিজের চিন্তাকে প্রকাশ করতে ভালোবাসি তার প্রথম সূচনাটা হয়েছিল এক ঐতিহ্যের হাত ধরে। হ্যাঁ, আমার পত্রিকায় লেখালেখির হাতেখড়ি ও যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামের গর্ব, স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক ‘দৈনিক আজাদী’ পত্রিকার মাধ্যমে। এখনো স্পষ্ট মনে পড়ে সেই শুরুর দিনগুলোর কথা। যখন দৈনিক আজাদীর সম্পাদকীয় বিভাগে সুখে দুঃখে ফেইসবুকে নামক একটা বিভাগ চালু হয় যেখানে সবাই লেখা ইমেইল করে পাঠাবে তা বাছাই করে সুখে দুখে ফেইসবুক বিভাগে ছাপানো হবে। আমি লিখা পাঠাতে থাকলাম, একের পর এক লেখা সিলেক্ট হতে থাকে দৈনিক আজাদীর সুখে দুখে ফেইসবুক বিভাগে। এতে করে আমার লেখালেখির স্পীড আরও বাড়তে থাকে। চারিদিক থেকে বাহবা, অভিনন্দন পাওয়া শুরু হল। আজাদী আমাকে কেবল লিখতে শেখায়নি, আজাদী আমাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। কীভাবে নিজের ব্যক্তিগত ভাবনাকে সর্বজনীন রূপ দিতে হয়, তার প্রথম পাঠ আমি পেয়েছিলাম আজাদীর সম্পাদকীয় বিভাগের পরোক্ষ ভালোবাসায়।












