আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প

| বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আগামী সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

সোমবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশা প্রকাশ করেন। কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে, এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, চুক্তিতে চূড়ান্ত সই করার আগে আমাকে আরও কয়েকটি বিষয়ে ফয়সালা করতে হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামপ্রতিক সামরিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আজ কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, তবে আমি খুব দ্রুতই পরিস্থিতি সামাল দিয়েছি, যা আপনারা হয়ত ইতিমধ্যে লক্ষ্য করেছেন।

এর আগে ট্রাম্প দাবি করেন যে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বড় ধরনের বিমান হামলা বা অভিযান চালানোর পরিকল্পনা তিনি নস্যাৎ করে দিয়েছেন। এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্লের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প মন্তব্য করেন, একটি সম্ভাব্য শান্তি চুক্তি যে কোনও সামরিক বিজয়ের চেয়েও বড় সাফল্য হতে পারে। তবে এটি যে মোটেও সহজ কোনো কাজ নয়, তাও তিনি অকপটে স্বীকার করেন।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তবে আমাদের যা যা অর্জন করা প্রয়োজন, আমরা তা পাচ্ছি। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে সমঝোতা স্মারক কখন চূড়ান্ত হবে এবং অনুমোদন পাবে সে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি আগামী সপ্তাহের মধ্যেই আপনারা এটি দেখতে পাবেন।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার তুমুল হামলা, নিহত ২২