আইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের সেমিনারে ড.হাসমত আলী

কর্মক্ষেত্রে বাহ্যিক চাকচিক্যের চেয়ে ব্যক্তিত্ব ও দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

আইআইইউসির প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী বলেছেন, কর্মক্ষেত্রে নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য বা সাজসজ্জার চেয়ে ব্যক্তিত্ব, আচরণ ও কাজের দক্ষতাই বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন সুন্দর পোশাক বা বাহ্যিক চাকচিক্য মানুষকে প্রভাবিত করার প্রধান উপায়। কিন্তু এ ধরনের বিষয় সাময়িক প্রভাব তৈরি করলেও দীর্ঘমেয়াদে টিকে থাকে না। তিনি গত বুধবার নগরীর হোটেল আগ্রাবাদে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘এমপ্লয়েবিলিটি স্কিলস: ইন্ডাস্ট্রি নিডস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. লকিয়ত উল্যা। মূল আলোচক বিএসআরএম গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হোসাইন। অতিথিরা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সক্ষমতা, নেতৃত্বগুণ ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রধান অতিথি বলেন, একজন মানুষ তার কথা, কর্মদক্ষতা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধের মাধ্যমে প্রকৃত অর্থে অন্যকে প্রভাবিত করতে পারেন। বিশেষ করে আমাদের চাকরিপ্রার্থীদের কৃত্রিম আচরণের পরিবর্তে স্বাভাবিক ব্যক্তিত্ব, কাজের প্রতি প্রতিশ্রুতি এবং বহুমাত্রিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে একজন ব্যক্তি শুধু চাকরির জন্য উপযুক্তই হবেন না, বরং পেশাগত জীবনে স্থায়ী সাফল্য ও দৃঢ় অবস্থান গড়ে তুলতেও সক্ষম হবেন। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.নেজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন এমবিএ ও এমবিএম প্রোগ্রামের সমন্বয়ক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া। গেস্ট অব অনার ছিলেন ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আক্তারুজ্জামান খান। উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকসহ ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে আইআইইউসি এইচআর ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহিজরী নববর্ষ উদযাপন মঞ্চের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআল মদিনা কাদেরীয়া সুন্নীয়া মডেল মাদরাসার সভা