ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, জ্বালানি তেল এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত প্রায়। এর ফলে বাড়বে কৃষি উৎপাদন ব্যয় এবং কারখানা থেকে পণ্য সরবরাহ ব্যয়। উপরন্তু সার্বিকভাবে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা রয়েছে সর্বাধিক। এতে বিপাকে পড়বে মূলত গরিব, নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। অপরদিকে কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডসহ দেশব্যাপী খুন, ধর্ষণ, অপহরণ, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির ক্রমবর্ধমান ঘটনায় জননিরাপত্তা হুমকির মুখে। দেশের আইনশৃঙ্খলার এমনিতর অবনতি সরকারের প্রতি জনআস্থার সংকট বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা–কর্মচারীর বিষয়টি নিয়ে সরকারের ইঁদুর –বিড়াল খেলার দ্রুত অবসান ঘটাতে হবে। যোগ্য ও নিরপরাধদের পুনর্বহালসহ তাদের ন্যায্য বকেয়া পরিশোধ এর ব্যবস্থা করতে হবে। এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, বিদ্যুৎ–গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি জানান। ইসলামিক ফ্রন্ট, যুব ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা মহানগরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জ্বালানি তেল, বিদ্যুৎ –গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশব্যাপী আইন–শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। সভাপতিত্ব করেন– মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন–কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন–ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাশেদ। সঞ্চালনায় ছিলেন–মহানগর নেতা ডা. হাসমত আলী তাহেরী। প্রেস বিজ্ঞপ্তি।













