শিশু ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নগরীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নাগরিক প্ল্যাটফর্ম, চট্টগ্রাম নামের একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে প্ল্যাটফর্মের প্রতিনিধিরা চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক জাহেদুল ইসলাম বলেন, ‘দেশে শিশু ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাার ওপর দায়িত্ব অর্পণ করলেই হবে না। এ ধরনের অপরাধ মোকাবেলায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নাগরিক সমাজকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’
এর আগে সকাল ৯টা থেকে মানববন্ধনে বিভিন্ন নাগরিক সংগঠনের প্রায় তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শিশু, অভিভাবক, শিক্ষক, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিাত ছিলেন। বক্তারা শিশু রামিসাসহ দেশে সংঘটিত সকল শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসার স্মরণে কালো ব্যাজ ধারণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।










