চট্টগ্রাম বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক, ৬ মাসের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টাকালে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় দায়িত্ব পালনরত আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁর কাছে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া যায়। এরপর তাঁকে আটক করা হয়।

ঘটনার বিষয়ে আনসার সদস্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে অবহিত করেন। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা তাঁর দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজের নাম মো. সোহেল বলে জানান। বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্য, সোহেল এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত এবং এর আগেও কারাভোগ করেছেন।

তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের সন্দেহজনক চলাচল ও কর্মকাণ্ডের ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষতিগ্রস্ত শাখার একাংশ