চট্টগ্রামের সীতাকুণ্ডে জাল টাকা তৈরির সরঞ্জামসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। এ সময় তাঁর কাছ থেকে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত মেশিন, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭-এর চান্দগাঁও ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম।
গতকাল ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকার খাজা হোটেলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭-এর চান্দগাঁও ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফরহাদুল ইসলাম ফজলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় তল্লাশি চালানো হয়।
এ সময় সেখান থেকে জাল টাকা ছাপানোর মেশিন, একটি ল্যাপটপসহ এ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে মোট তিন লাখ টাকার জাল নোটও জব্দ করা হয়েছে।
এসআরবি-৭-এর চান্দগাঁও ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেখানো মতে বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।











