কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচির প্রথম দিন আজ রোববার চট্টগ্রামে জনজীবন স্বাভাবিক রয়েছে। সব অফিস, স্কুল ও কলেজ চলছে স্বাভাবিক ভাবে। সড়কে যানবাহনের চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে কর্মসূচির আগে গতকাল শনিবার রাতে চট্টগ্রাম ও কক্সবাজারে আগুন, মশাল মিছিল, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মেইল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
গতকাল শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের দুটি আসনে আগুন লাগে। ট্রেনটি তখন ওয়াশপিট থেকে স্টেশনে ঢুকছিল। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মো. সালামত উল্লাহ জানান, পোস্তারপাড় এলাকায় ট্রেনটি কিছুক্ষণ দাঁড়ানো অবস্থায় লক্ষ্য করে পাথর ছোড়া হয়। স্টেশনে ফেরার পর দুটি আসন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রেলকর্মীরা দ্রুত আগুন নেভান। নিরাপত্তা বাহিনীর ধারণা, দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ট্রেনে তখন যাত্রী ছিলেন না, কেউ হতাহত হননি। চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানিয়েছেন, জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে সিটে আগুন দেওয়া হয়।
আনোয়ারায় মশাল মিছিল ও সংঘর্ষ
শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার ১১টি ইউনিয়নে মশাল মিছিল হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, মিছিলকারীরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থক। পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল করেন। হাইলধর ইউনিয়নে দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়, কয়েকটি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কক্সবাজারে ককটেল বিস্ফোরণ
শনিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে কক্সবাজার শহরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ অন্তত পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরআরআরসি কার্যালয়ের ফটকে দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা জানান, দেয়ালের ওপাশ থেকে কিছু ছোড়ার পর বিকট শব্দ হয়। কেউ হতাহত হননি। কারা এর পেছনে, পুলিশ তা এখনো জানায়নি। স্থানীয় বিএনপির নেতারা আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, শহরজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন; মৃত্যুদণ্ডে দণ্ডিত হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। মূলত এরপর থেকেই দেশজুড়ে বিচ্ছিন্ন হামলা ও সহিংসতা শুরু হয়।












