চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে যুবদলের একটি ফুটবল টুর্নামেন্ট ও কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার অন্তর্গত পাহাড়তলী শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। মিছিলটি কোন দিক দিয়ে গেছে কিংবা পরে তাঁরা কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আজাদীকে বলেন, ‘কনসার্ট শেষে একটি ছোট মিছিল নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কয়েকজনকে ধরে থানায় সোপর্দ করেছি।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে।












