কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তিনি বলেন, কুয়েতের তদন্তে এ বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ইরান বলছে, ওই ড্রোন তাদের ভূখণ্ড থেকে ছোড়া হয়নি। একই সঙ্গে ইতালীয় ও কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে একটি তদন্ত কমিশনে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছে তেহরান।
হামলায় নিহত দুজন প্রযুক্তিবিদ ছিলেন বলে জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তিনি এক্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। আনন্দ সব পক্ষকে সংযত থাকতে এবং বেসামরিক মানুষ ও অবকাঠামো রক্ষাসহ আন্তর্জাতিক মানবিক আইন মানার আহ্বান জানান। সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালি আবার খুলে দিতে উপসাগরীয় দেশগুলোর উদ্যোগে কানাডার সমর্থনের কথাও তিনি জানান।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ওমানের খাসাব বন্দরের কাছে ও হরমুজ প্রণালির পূর্বাংশে নৌ-মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়াতে চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজ ওমান উপসাগরে অচল করে দেওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধ ও বাণিজ্যিক জাহাজে হামলার কারণে হরমুজ প্রণালি দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে।
সূত্র: আলজাজিরা












