রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। ১৮ নভেম্বর অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। প্রস্তাবটি গৃহীত হওয়ার পূর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে। এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

এখানে উল্লেখ্য, আন্তর্জাতিক আদালত রায় দিয়ে মিয়ানমারকে রোহিঙ্গা বিষয়ে নির্দেশ দিয়েছে। এই সমস্ত নির্দেশনার মধ্যে ছিলো– গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দিতে আইন প্রণয়ন করতে হবে; সন্দেহভাজনদের তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে; এই জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা দিতে হবে; বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে হবে; প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে হবে; রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে, যার পরিমাণ পরে নির্ধারণ করা হবে; রোহিঙ্গাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। বরং ঐতিহাসিক রায় বাস্তবায়নে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে। এই আন্তর্জাতিক আদালতের রায় চূড়ান্ত। বিশেষজ্ঞরা বলেন, রায়গুলো আইনত বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব কোনো বলপ্রয়োগ বা বাস্তবায়ন বাহিনী নেই। কোনো রাষ্ট্র রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যেতে পারে। রায়ের পরপরই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আদালতের এই সিদ্ধান্ত মেনে নিয়ে মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীও এক বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করেছে দেশটি। এ ছাড়া আরও কিছু পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী রাষ্ট্র বাংলাদেশ এই রায়কে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে। পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করে দ্রুত মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে।

এদিকে, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, মানবিক সহায়তা কখনো রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। একইভাবে উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির প্রয়োজনীয়তাও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ড. তিতুমীর বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সমপ্রদায়কে সমন্বিত উদ্যোগ, কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো–তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে একটি সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ কথা হলো, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হবে, অন্যদিকে আশ্রয়দাতা এলাকার বাংলাদেশি নাগরিকদের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬