কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ আয়োজিত কন্টিনেন্টাল অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৯৪ রানের বিশাল ব্যবধানে চিটাগং ইয়থ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৩৮.১ ওভারে ১৬১ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন তামিম। এছাড়া ফাহিম ১৪, মাহির ২১, আবদুল্লাহ ১৫, সোহেল ১২, সাব্বির ১৯ এবং আরমান করেন ১৪ রান। চিটাগং ইয়থ একাডেমির নাহিয়ান ২১ রানে নেন ৩ উইকেট। ২টি উইকেট পান শান্ত। ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চিটাগং ইয়থ ক্রিকেট একাডেমি ৩০.১ ওভারে মাত্র ৬৭ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার ইলমান ১৭ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পক্ষে ২টি করে উইকেট নেন তামিম, সামি, প্রিয়ম এবং আইমান যথাক্রমে ১২, ৫, ৯ এবং ৫ রান খরচায়। বিজয়ী কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের ইমরান হোসেন সামি ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট কোচ শাহ মাহফুজুর রহমান পল্লব।










