সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে কর্মরত অবস্থায় ট্রেইলারের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন বাঁশখালীর শহিদুল আজম চৌধুরী রিপন (৫৫)। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ডিপোর ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল আজম বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী গ্রামের বাসিন্দা। তিনি কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মফজল আহমদ চৌধুরীর দ্বিতীয় ছেলে। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে স্কেল এঙিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ডিপোর ভেতরে দায়িত্ব পালনকালে একটি ট্রেইলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন শহিদুল আজম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।









