একান্নবর্তী পরিবার : প্রাসঙ্গিক ভাবনা

ডা. কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

একান্নবর্তী পরিবারে আমার জন্ম ও বেড়ে ওঠা। যৌথ পরিবারে বাবা–জ্যাঠাদের হাতে গড়া দুই সারি বাড়ির মাঝখানে বিশাল উঠান, বাড়ি–সংলগ্ন পুকুর, বাড়ির চতুর্দিকে পাকা বাউন্ডারি দেয়াল। পরিবারের সবাই এবং কাজের লোক মিলে ২৫ থেকে ৩০ জন সদস্য এক চুলায় রান্না এবং খাওয়া–দাওয়া। সব ভাইয়েরা একসাথে স্নান করা এবং ভাই–বোন মিলে একসাথে স্কুলে যাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে একসাথে আনন্দ উপভোগ করা। একরকম আনন্দ–উৎসবের মধ্যে দিন কাটানো আজও স্মৃতির পর্দায় ভাসে।

একান্নবর্তী বা যৌথ পরিবার বলতে কী বুঝি?

একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার হলো এমন একটি পরিবার, যেখানে একাধিক প্রজন্মের আত্মীয়স্বজনের সদস্যরা একই ছাদের নিচে বসবাস করেন এবং একটি চুলা বা হাঁড়িতে রান্না করা খাবার একসঙ্গে গ্রহণ করেন।

একান্নবর্তী পরিবারের মূল বৈশিষ্ট্য:

১. এক অন্ন বা খাবার: সবার জন্য এক চুলাতেই রান্না হয় এবং একসাথে খাওয়া–দাওয়া হয়। ২. যৌথভাবে বসবাস: বাবা–মা, ভাই–বোন, স্বামী–স্ত্রী, সন্তান ছাড়াও দাদু–ঠাকুরমা, জ্যাঠা–জ্যাঠিমা, কাকা–কাকিমা, পিসি এবং তাঁদের সন্তানেরা একসাথে থাকেন। ৩. অর্থনৈতিক ঐক্য: পরিবারের আয় ও ব্যয়ের খাতটি সাধারণত যৌথ বা এক থাকে। ৪. পারস্পরিক সম্পর্ক: সবার সুখে–দুঃখে একসাথে থাকার ফলে তাঁদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলার সুযোগ থাকে।

একটা সময় একান্নবর্তী পরিবার বেশি থাকলেও এখন আর নেই বললেই চলে। মানুষ তা নিজের প্রয়োজনের তাগিদে বাবা–মা, ভাই–বোন বা যে পরিবারে সে ছোট থেকে বড় হয়েছে, সেখান থেকে আলাদা হয়ে নিজের মতো জীবনযাপন করছে। একই ছাদের নিচে থাকলেও কেউ কারো খবর নেওয়া বা কুশল বিনিময়ের সময় করে উঠতে পারছে না। প্রতিটি মানুষ প্রতিনিয়ত ছুটে চলছে।

দিন যতই যাচ্ছে, ছুটে চলাও বাড়ছে। আত্মীয়স্বজন, পরিবার–পরিজন নিয়ে একত্রে বসে আড্ডা দেওয়া হয় না বললেই চলে। একটা সময় ছিল, ঠাকুরদা–ঠাকুরমার গল্প না শুনলে ঘুমাতে পারত না।

একান্নবর্তী পরিবারে সবাই মিলে একসাথে খাওয়া–দাওয়া হয়। পরস্পরের মধ্যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। সবাই সকলের সুখে–দুঃখে পাশে থাকে, যার ফলে প্রতিটি শিশুর মধ্যে শিষ্টাচার ও মানবিক গুণাবলির বিকাশ ঘটে, তৈরি হয় একটি নতুন ভুবন, যেখানে কোনো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, প্রতিহিংসা, বিদ্বেষ থাকে না। থাকে শুধু শান্তি আর শান্তি।

একান্নবর্তী পরিবারের গুরুত্ব:

একান্নবর্তী পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত। আধুনিকতার নামে ভগ্নাংশ হয়ে গড়ে উঠছে ছোট পরিবার। একসময় গ্রামবাংলার ঐতিহ্য ছিল একান্নবর্তী পরিবার।

ক্রমশ নগরায়ণ ও নানাবিধ কারণ যেমন: সহনশীলতার অভাব, বিশ্বাসের অভাব, সংকুচিত দৃষ্টিভঙ্গি, ত্যাগের অভাব ইত্যাদি বহুবিধ কারণে ভেঙে যাচ্ছে একান্নবর্তী পরিবার। বলা যায়, একরকম বিলুপ্তির পথে।

সকলের সামনে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা, বুর্জোয়া বিলাসের সাথে তাল মেলানো বা অনেক সময় পরিবারের বয়োবৃদ্ধ ব্যক্তির প্রয়াণের ফলেও ভেঙে যায় একান্নবর্তী পরিবার। এরা একটি পরিবারকে ছায়ার মতো আঁকড়ে ধরে রাখত।

একান্নবর্তী পরিবার ভেঙে যাবার ফলে শিশু–কিশোরদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষমতা কমে গিয়ে দিনে দিনে তারা হয়ে উঠছে অবাধ্য ও স্বেচ্ছাচারী। আদব–কায়দা প্রদর্শনের ন্যূনতম বোধও বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের মধ্যে। তাই আজ সময় এসেছে একান্নবর্তী পরিবারের গুরুত্ব উপলব্ধি করার।

একান্নবর্তী পরিবারে বড় হওয়ার উপলব্ধি:

যৌথ পরিবারে বড় হওয়ার ফলে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন অটুট থাকে। সবার মধ্যে বন্ডিং থাকে অক্ষুণ্ন। পরস্পরের মধ্যে বিশ্বাস, মমত্ববোধ, সহমর্মিতা, সহানুভূতি, ভালোবাসা, স্নেহ আর মায়ামমতার বন্ধনে সবাই বাঁধা পড়ে যায়। সবাই একসঙ্গে খেলাধুলা করা, বেড়াতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া ছিল অনেক আনন্দের। এতে পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা জন্মায়, সহানুভূতি, মায়ামমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বেড়ে যায় বহুগুণ।

সময়ের সাথে সাথে পরিবেশ–পরিস্থিতি বদলে যায়। মানুষের মনের মধ্যে আসে পরিবর্তন। স্বার্থের প্রয়োজনে বাঁধন হয়ে যায় আলগা। তাই সবাই আলাদা থাকা, আলাদা খাওয়ার মাঝে স্বস্তির নিঃশ্বাস খোঁজে।

সময়ের সাথে সাথে মানুষের ধ্যান–ধারণায়ও পরিবর্তন আসে। ভাবি–মায়েরা ভাবেন, যে যার মতো করে থাকুক, শান্তিতে থাকুক। বর্তমান সময়ে মানুষের মধ্যে কমে এসেছে স্নেহ, মায়ামমতা আর ভালোবাসার বন্ধন। পরস্পরের মধ্যে নেই শ্রদ্ধাবোধ। আধুনিকতার ছোঁয়ায় মিডিয়ার কল্যাণে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। চার–পাঁচ জনের পরিবারে সবাই যেন আলাদা। ছেলে–মেয়েরা যার যার রুমে সময় কাটায়। খাওয়ার সময় মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়। এখন তাদের কথা শুনতে হয় বেশি, তাদের যুক্তির কাছে আমরা ম্লান, অনেকটা পিছিয়ে। আমাদের যুক্তি হার মানে। কথাবার্তা, আচার–আচরণে পরিবর্তনের ছোঁয়া। অনেক সময় নিজের মান–সম্মান বাঁচাতে সব নীরবে শুনে যাই।

মিডিয়ার যুগে পুরো বিশ্ব যেন হাতের মুঠোয়:

বেড়ে গেছে মোবাইল সংস্কৃতি, মোবাইলের প্রতি আসক্তি। সবাই আপন কাজে ব্যস্ত। পারিবারিক বন্ধন হয়ে যাচ্ছে আলগা। হারিয়ে যাচ্ছে পারিবারিক সুখ–শান্তি।

আজ এ সময়ে একান্নবর্তী বা যৌথ পরিবারে বসবাসকালীন সময়ের স্মৃতি রোমন্থন করি। কারণ শৈশবের কাটানো স্মৃতিগুলো মনের বারান্দায় ঘুরে বেড়ায় অবিরত। কিছুটা কষ্টের মধ্যে থাকলেও, স্বাধীনতার অভাব আর কড়া শাসনের মধ্যে থাকলেও সেখানে ছিল শান্তির সুধা। আর এখন আরাম–আয়েশে থাকার মাঝেও নেই কাঙ্ক্ষিত সুখ। খুঁজে বেড়াই স্বপ্নের সুখের পরশ, শান্তির ছায়া।

লেখক : অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাউদার্ন মেডিকেল কলেজ; কবি ও প্রাবন্ধিক।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের বিদ্রোহ