অভিযান চলাকালে সাইকেল চালিয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজের গাড়ির পাশ দিয়ে চলে গেছেন, কিন্তু পুলিশ তাঁকে চিনতে পারেনি—এমন দাবি করেছেন পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। এএসপির সঙ্গে রায়হানের ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রায়হান ওই দাবি করেন। তবে রায়হানের দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আজ বুধবার রায়হানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিওটি শেয়ার করা হয়। এএসপি তারেক আজিজ কথোপকথনের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালে রায়হান তাঁকে ফোন করেছিলেন।
অডিওতে রায়হান এএসপিকে বলেন, ‘আপনারে দেখলাম তো। আপনার গাড়ির পাশ দিয়া আমি তো সাইকেল চালায়া চলে গেছি। আপনি আমারে চিনেন নাই।’ তিনি আরও দাবি করেন, তিনি ফটিকছড়ির বাইরে আছেন এবং পুলিশ তাঁকে খুঁজে পাবে না।
এ বিষয়ে এএসপি তারেক আজিজ বলেন, ‘আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অভিযানের সময় কোনো সাইকেল বা প্রাইভেট কার আসা–যাওয়া করেনি। আশপাশে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল। এটা কোনোভাবে সম্ভব নয়।’ তিনি জানান, রায়হানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং তাঁকে আত্মসমর্পণ করানোর চেষ্টাও চলছে। এএসপির ভাষ্য, ফটিকছড়িতে গুলির ঘটনার আগে থেকে সেখানে রায়হানের অবস্থানের খবর পেয়ে দুই দিন অভিযান চালানো হয়, কিন্তু ‘ভাগ্যক্রমে’ তিনি পালিয়ে যান।
ফোনালাপে এএসপিকে রায়হানের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি আমার কাছে ধরা দেন, সমস্যা নাই।’ তিনি আরও বলেন, ‘আমি আপনারে নিরাপদে ব্যবস্থা করবো।’ ‘যতদিন আছি’ আত্মসমর্পণ নিরাপদ হবে বলে আশ্বাস দেন তিনি। আজই আত্মসমর্পণ করলে ‘বিশেষ অফার’ আছে জানিয়ে এএসপি বলেন, রায়হান যতটুকুর সঙ্গে জড়িত, ঠিক ততটুকুর জন্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘যে মামলাগুলো আছে শুধু এর বাইরে আর কোনো মামলা হবে না, কথা দিলাম।’
জবাবে রায়হান বলেন, ‘আজকে তো সম্ভব না ভাই।’ তবে ভালো হয়ে যেতে চান বলেও জানান তিনি। আত্মসমর্পণের বিষয়ে তাঁর ভাষ্য, ‘ইনশাআল্লাহ ভাই, ধরেন আমি ভবিষ্যতে আত্মসমর্পণ করবো।’ তিনি দাবি করেন, আগে আত্মসমর্পণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু বিষয়টি ফাঁস হয়ে গিয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা প্রকাশ করে রায়হান বলেন, ‘বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ মামলা দেবে।’ এরপর যোগ করেন, ‘আমি যামু কই? আমি তো মানুষ।’ আট–দশ বছরের আটকের আশঙ্কার কথাও তিনি তোলেন।
গত সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় গোলাগুলির ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। পুলিশের ভাষ্য, ওই এলাকায় রায়হানের অবস্থানের খবরে অভিযান চলছিল। স্থানীয় লোকজন তাঁকে চিনে ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যান। ফোনালাপে রায়হান দাবি করেন, তিনি মাজার জিয়ারতে যাচ্ছিলেন এবং হঠাৎ কী ঘটল, তা বোঝেননি। আহতদের অবস্থাও তিনি জানতে চান। পরদিন মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি গুলি চালানোর কথা স্বীকার করেন এবং আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন। পোস্টে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তার প্রস্তাবও দেন তিনি।
পুলিশের নথি অনুযায়ী রায়হান আলম চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, তিনি বিদেশে পলাতক সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। গত ২৯ জুলাই রাতে ডেভিড ইমনকে গ্রেপ্তারের অভিযানের সময় নোয়াখালীতে একটি বাসার ছাদ থেকে লাফ দিয়ে তিনি পালিয়ে যান। পুলিশের খাতায় তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলার কথাও বলা হয়েছে।











