তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। বর্তমান মজুরি সাড়ে ১২ হাজার টাকা, অর্থাৎ বাড়ল সাড়ে চার হাজার টাকা। নতুন হার ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। খবর বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের।
মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভা চলে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি নতুন কাঠামো চূড়ান্ত হওয়ার কথা জানান।
চেয়ারম্যান জানান, গ্রেড ১, ২ ও ৩-এর মজুরি সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছে। সেগুলো যথাক্রমে ২১ হাজার ৫০০, ২০ হাজার ও ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিম্ন গ্রেড, অর্থাৎ গ্রেড-৪-এ সবাই একমত হতে পারেননি। তাই শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। ছয় সদস্যের বোর্ডে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
সভায় শেষ পর্যায়ে গ্রেড-৪-এর জন্য শ্রমিকপক্ষের প্রস্তাব ছিল ২২ হাজার টাকা, মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকা। কোনো পক্ষই সেই প্রস্তাবে সন্তুষ্ট ছিল না। এর আগে ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা প্রস্তাব করেছিল।
পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের মধ্যে ১ নভেম্বর সরকার পোশাকশিল্পের জন্য মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর প্রথম সভায় ১ ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকরে সব পক্ষ একমত হয়। ১৭ নভেম্বর চেয়ারম্যান বলেন, গেজেট যখনই জারি হোক, বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে। জানুয়ারির বেতনের সঙ্গে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন বলে সে সময় জানানো হয়েছিল।
এর মধ্যেও সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ থাকার খবর আসছিল।
২০২৩ সালের নভেম্বরে ঘোষিত মজুরি পরের মাসে কার্যকর হয়েছিল। তখন ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বেড়ে হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা।












