রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২৯ পূর্বাহ্ণ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি জানিয়েছে, এ রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খবর বাসসের।

আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা ও রিয়াদের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা–জেদ্দা–ঢাকা, ঢাকা–দাম্মাম–ঢাকা এবং ঢাকা–মদিনা–ঢাকায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। বিমান জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। টিকিট, ফ্লাইটের সময়সূচি ও বিকল্প ভ্রমণ ব্যবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুরোনো রেলিং ভেঙে পাঁচতলা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু