পটিয়ায় জিমনেসিয়াম ঘিরে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

শফিউল আজম,পটিয়া | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে অবহেলা ও জায়গা দখল–বেদখলের কারণে ক্রীড়া কার্যক্রম ব্যাহত হয়ে আসছিল পটিয়ার ক্রীড়াঙ্গনের অন্যতম প্লাটফর্ম ‘পটিয়া জিমনেসিয়াম’। এ জিমনেসিয়াম ঘিরে নতুন করে পূর্ণাঙ্গ ও আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই জিমনেসিয়ামকে পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন পটিয়ার এমপি এনামুল হক ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে উদ্ধার করা জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটিয়া পৌরসদরের ক্লাব রোডে জিমনেসিয়ামের সীমানাপ্রাচীর নির্মাণকাজ উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। এ সময় তিনি জিমনেসিয়ামকে আধুনিক স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনার কথা জানান। উল্লেখ্য ১৯৭৯ সালের ৯ জুন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘যুব গোষ্ঠী ভবন ও ব্যায়ামাগারথ নামে পটিয়া জিমনেসিয়ামের উদ্বোধন করেন। পাশাপাশি এর জন্য স্থায়ী জায়গা বরাদ্দও দেওয়া হয়। তবে দীর্ঘদিন জায়গাটি বেহাত থাকায় জিমনেসিয়ামের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সমপ্রতি উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রায় ৯ শতক জায়গা পুনরুদ্ধার করা হয়েছে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এনাম বলেন, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিমনেসিয়ামটিকে পূর্ণাঙ্গ আধুনিক স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রকল্প তৈরির কাজ চলছে। প্রস্তুতি সম্পন্ন হলে প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে তিনি আরো জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীও ইতোমধ্যে জিমনেসিয়ামটি পরিদর্শন করেছেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, দীর্ঘদিন বেদখলে থাকা জিমনেসিয়ামের প্রায় ৯ শতক জায়গা উপজেলা ক্রীড়া সংস্থার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, নুরুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, গাজী আবু তাহের, সাবেক ফুটবলার আবুল কাশেম, আবদুল মাবুদ, ফুটবল কোচ নাছির উদ্দীন, ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাহজাহান চৌধুরী, ফুটবল কোচ আবুল কালাম বাবুল, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, আবদুল সালাম, আল রায়হান সোহেল, আজিজুল হক, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, জসিম উদ্দীন মল্ল, মো. নাজিম, মো. আলমগীর ও জুয়েল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে চট্টগ্রাম পর্বের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি