দেশের স্বার্থে চট্টগ্রাম-ঢাকা রেলে কটলাইন ও মহাসড়কে এক্সপ্রেসওয়ে জরুরি

আহমদুল ইসলাম চৌধুরী | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন পর চট্টগ্রাম–ঢাকা সহজ যোগাযোগে আলোর পথ দেখা যাচ্ছে। চট্টগ্রাম–ঢাকা যোগাযোগকে অর্থনীতির লাইফ লাইন বলা হয়। বন্দর নগরী চট্টগ্রাম মাত্র ২৪০ কি.মি দূরত্বে রাজধানী ঢাকা। দেশের বৃহত্তরস্বার্থে ঢাকার সাথে চট্টগ্রামের সহজ যোগাযোগ অত্যাবশ্যক। বিগত প্রায় ১৮/১৯ বছর যাবৎ চট্টগ্রাম–ঢাকা যোগাযোগ সহজতর করণ নিশ্চিত অবহেলিত ছিল বলা যাবে।

রেলে ও মহাসড়কে দেশে লক্ষ হাজার কোটির টাকার অনেক অনেক বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির বৃহত্তরস্বার্থে এই লক্ষ কোটি টাকার রেলে ও মহাসড়কের প্রকল্পগুলো চট্টগ্রাম–ঢাকা যোগাযোগ উন্নতি করার সাথে তুলনায় আসবে না। ঐসব রেলেরও মহাসড়কের প্রকল্পগুলো আঞ্চলিক দৃষ্টিভঙ্গি অথবা দুর্নীতি অথবা চট্টগ্রামের সাথে বিমাতাসুলভ আচরণে হয়েছে কিনা অজানা।

স্বাধীন সার্বভৌম দেশের ৫৪ বছর পর্যালোচনা করলে চট্টগ্রামকে অবহেলিত বলা যাবে। এই অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ দাবী রয়েছে। সবকিছুর উর্ধ্বে ঢাকা–চট্টগ্রাম সহজ যোগাযোগ। মংলা–পায়রা এসব বন্দরের চট্টগ্রাম বন্দরের সাথে তুলনায় আসে না। সাথে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর তো আছেই। বন্দরের মালামাল নেয়া–আনা হয় কন্টেইনারের মাধ্যমে। চট্টগ্রাম থেকে ঢাকা হাজার হাজার কন্টেইনার আনা–নেয়ার সহজ কোন ব্যবস্থা নেই। মিটার গেজ রেলপথে কুমিল্লা আখাউড়া বাহ্মণবাড়িয়া ব্রিটিশ পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশের ৫৪ বছর চলমান। অপরদিকে চট্টগ্রাম–ঢাকা মহাসড়ক চার লেইনের। প্রতিদিন হাজার হাজার ছোট বড় গাড়ি কভারভেন সহ চলাচল করছে। এতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

গত ১২ ফেব্রুয়ারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি দুই তৃতীয়াংশ আসন লাভ করে ক্ষমতায় আসে। বাংলাদেশ আমলের দীর্ঘ ৫৪ বছর পর এই প্রথম অর্থমন্ত্রী পান চট্টগ্রাম থেকে। তিনি হলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দেশের স্বার্থে তথা অর্থনীতির বৃহত্তরস্বার্থে চট্টগ্রাম–ঢাকা রেল ও মহাসড়কে দৃষ্টি দিচ্ছেন মনে করি। ব্রিটিশ আমল থেকে প্রায় শত বছরের কাছাকাছি সময় চট্টগ্রাম–ঢাকা রেল পথটি কুমিল্লা থেকেই সেই আখাউড়া–বাহ্মণবাড়িয়া–নরসিংদী ৭০/৮০ কি.মি ঘুরপথে। তাও আবার মিটার গেজ। অর্থাৎ গতি তোলা নিরাপদ নয়।

ব্রিটিশরা মালামাল পরিবহনের জন্য রেল লাইনের ব্যবস্থা করেছিল। পরবর্তীতে টুকরা টুকরা রেল লাইন সংযুক্ত করে মালামাল পরিবহনের পাশাপাশি যাত্রীও পরিবহন করা হচ্ছে। ব্রিটিশরা চেয়েছিল লাকসাম–নারায়ণগঞ্জ প্রায় ৭০–৮০ কি.মি রেলপথ নির্মাণ করে চট্টগ্রাম–ঢাকা রেলপথের দূরত্ব কমিয়ে আনবে। ব্রিটিশরা করতে পারল না আসল পাকিস্তান। পাকিস্তানের ২৩ বছর শাসনামলে করবে করবে বলে করা হয়নি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমলে শত শত কি.মি নতুন রেলপথ নির্মাণ হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিগত এই অর্ধ শত বছরে লাকসাম–নারায়ণগঞ্জ রেলের কটলাইনটি নির্মাণ করে প্রায় ৮০ কি.মি দূরত্ব কমিয়ে আনা হল না। বর্তমান সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক সরকার দেশের অর্থনীতির বৃহত্তরস্বার্থে এই লাকসাম–নারায়ণগঞ্জ কটলাইন নির্মাণের কথা বারে বারে শোনা যাচ্ছে। যা দেশের জন্য অতীব কল্যাণকর।

চট্টগ্রাম–ঢাকা মহাসড়ক ১৯৮০ এর দশকে দাউদকান্দি ও মেঘনায় সেতু নির্মাণ করে চট্টগ্রাম–ঢাকা যোগাযোগ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে চট্টগ্রাম–ঢাকা–চট্টগ্রাম সড়ককে চার লাইন করে ডিভাইটেড হাইওয়েতে উন্নীত করা হয়। যা যানবাহনের তুলনায় খুবই অপর্যাপ্ত। শোনা যাচ্ছে এই মহাসড়কের দুইদিকে সম্প্রসারণ করে ৮ লাইনে বা ১০ লাইন উন্নীত করবে। এ বিষয়ে সুপারিশ হল–চট্টগ্রাম সিটি গেইট থেকে ঢাকা যাত্রাবাড়ী পর্যন্ত মাত্র ২২০ কি.মি বা কম বেশি এই মহাসড়কের উপর এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হোক। চীনসহ অনেক উন্নত বিশ্বে ৪০–৫০ কি.মি পর্যন্ত সাগরের মধ্যে সেতু রয়েছে। একালে ২২০ কি.মি উড়াল সড়ক বা এক্সপ্রেসওয়ে কোন ব্যাপার না। এক্সপ্রেসওয়ে না করে মহাসড়কের দু’দিকে সম্প্রসারণ করে ৮ লাইন বা ১০ লাইন উন্নিত করতে গেলে অসংখ্য দোকানপাট শত শত দালান ভাঙতে হবে। তারপরও শত ভাগ সুফল আসবে বলে মনে হয় না। আমাদের দেশে এখনো রং সাইডে ওভারটেক করার প্রবণতা রয়েছে। দেশের ট্রাফিক আইন না মানা এখন গ্রহণযোগ্য হয়ে গেছে।

বাংলাদেশ বিশ্বের বুকে অতীব ঘনবসতিপূর্ণ দেশ। এতে উন্নয়ন কাজে যতটুকু সম্ভব জায়গা জমি নষ্ট না করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শহরে বন্দরে মহাসড়কে উড়ালসেতু বা এক্সপ্রেসওয়ে গুরুত্ব দেয়া আবশ্যক মনে করি।

উন্নয়নের জন্য যদি সমতল ভূমি ব্যবহার করা হয় এতে উন্নয়ন কাজের জন্য ক্ষতির পরিমাণও কম নয়। জনগণ ক্ষতিগ্রস্ত হবে অসংখ্য ইমামরত অবকাঠামো ভেঙে ফেলতে হবে। কাজেই চট্টগ্রাম–ঢাকা মহাসসড়ক দু’দিকে সম্প্রসারণ না করে এক্সপ্রেসকে গুরুত্ব দেয়া যথাযথ মনে করি। অপরদিকে লাকসাম–নারায়ণগঞ্জ রেলের কটলাইন চট্টগ্রাম–ঢাকা মহাসড়কের পাশ দিয়ে করার ব্যাপারে একাধিক বিজ্ঞজনের সুপারিশ রয়েছে জানতে পারি। চট্টগ্রাম–ঢাকা মহাসড়কের পাশে করলে মনে করি জনগণ ক্ষতিগ্রস্ত কম হবে ইমারত অবকাঠামো কম ভাঙতে হবে।

বাংলাদেশের পশ্চিমাঞ্চলে রেলের ব্রডগেজ কিন্তু ১৯৪৭ সালে উপমহাদেশ বিভাগের পর অতীব গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠে পাকিস্তান পরবর্তী বাংলাদেশ আমল। এখানে রয়েছে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, সমৃদ্ধ অঞ্চল সিলেট। ব্রিটিশের রেখে যাওয়া রেলের এই পূর্বাঞ্চল হল মিটার গেজ। মিটার গেজ বলতে সরু, গতি তোলা নিরাপদ নই। রেল কর্তৃপক্ষ দেশের পূর্বাঞ্চলেও ডুয়েল গেজ হিসেবে পর্যায়ক্রমে অগ্রসর হচ্ছে। যেমন– আখাউড়া থেকে লাকসাম, দু’হাজারী থেকে কক্সবাজার ডুয়েল গেজ, চট্টগ্রাম–ঢাকার রেল যোগাযোগ ডাবল লাইন ব্রডগেজ অত্যাবশ্যক। এতে বন্দরের কন্টেইনার পরিবহনে সহায়হ হবে। অর্থনীতিতে সুফল বয়ে নিয়ে আসবে। রেল লাইনের গুরুত্ব বাড়লে মহাসড়কে চাপ কমবে। জ্বালানি সাশ্রয় হবে।

অতএব মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে সড়ক বিভাগের প্রতি অনুরোধ থাকবে যাতে চট্টগ্রাম–ঢাকা মহাসড়ক ৮/১০ লাইন উন্নীত না করে চট্টগ্রাম সিটি গেইট থেকে ঢাকা যাত্রাবাড়ী প্রায় ২২০ কি.মি পথ এই মহাসড়কের উপর এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হোক। এতে জনগণ সুফল পাবে শত শত দালান ভাঙতে হবে না জমিও নষ্ট হবে না। এমনিতে মাত্র ৫৫ হাজার বর্গমাইলের মধ্যে ১৮ কোটি নর–নারীর বসবাস। বিশ্বের মধ্যে অতি ঘনবসতিপূর্ণ দেশ।

লেখক : প্রাবন্ধিক, গবেষক, কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধ‘মুর্শিদের বারোমাস’ একটি আধ্যাত্মিক সাধনার লোকগান