চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু

হাসপাতালে ভর্তি আরও ৪৪ জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৯ জনের। এছাড়া গতকাল নতুন করে আরো ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬০৭ জন।

গতকাল দেওয়া চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য মতে, চলতি নভেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এছাড়া গত অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুইজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জনের এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৪ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, সিএমএইচ হাসপাতালে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৩ হাজার ৯৭২ পুরুষ, ২ হাজার ৬২৯ মহিলা এবং ২ হাজার ৬ শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের কোন এলাকার মানুষ কোথায় বেশি মামলা করেন